দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট না পেলেও এরপর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের অস্বস্তি নিয়ে ৪৯ রানে মাঠ ছাড়ার পর দ্রুত তিনটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। তাসকিন আহমেদ দুটি এবং হাসান মাহমুদ একটি উইকেট নিয়েছেন। এতে ৪ উইকেটে ৩৫৮ রান থেকে ৭ উইকেটে ৩৮৬ রান করেছে স্বাগতিকরা।
বাভুমা মাঠ ছাড়ার পরই গোল্ডেন ডাকে উইয়ান মুল্ডারকে ফিরিয়ে দেন তাসকিন। উইকেটের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে লিটন কুমার দাসের গ্লাভসে ক্যাচ দেন তিনি। নতুন বলে উইকেট পান তাসকিন। এরপর নতুন ব্যাটার মার্কো ইয়ানসেনকেও লিটনের ক্যাচ বানান এই পেসার। মাত্র ৮ রান করে ফেরেন ইয়ানসেন।
তাসকিনের সঙ্গে যোগ দিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। সাইমন হার্মারকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। ১ রান করে আউট হন হার্মার।
তবে অল্পের জন্য কাগিসো রাবাদাকে ফেরাতে পারেননি হাসান। ব্যাটে লেগে বল সামনে পড়ায় ক্যাচ নিতে ব্যর্থ হন তিনি। ফলে বেঁচে যান রাবাদা। দক্ষিণ আফ্রিকার রান এখন ৭ উইকেটে ৩৮৬। রায়ান রিকেলটন ৫৬ এবং রাবাদা ৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৪ রান পিছিয়ে স্বাগতিকরা।
এর আগে, গতকাল সংবাদ সম্মেলনে তৃতীয় দিনের প্রথম সেশনে ২-৩টি উইকেট নেওয়ার আশা জানিয়েছিলেন লিটন কুমার দাস। তবে দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। উল্টো রায়ান রিকেলটনের সহজ ক্যাচ ছেড়ে দেন মাহফিজুল ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহানেসবার্গে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।
এমএস/